আন্তর্জাতিক গবেষণা মূল্যায়নে নিজেদের অবস্থানের উন্নতি করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিং ২০২৭-এ বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ৫০১-৬০০তম অবস্থানের ক্যাটাগরিতে স্থান পেয়েছে। আগের বছর প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ৬০১-৮০০ ক্যাটাগরিতে।
১৯ নভেম্বর প্রকাশিত এ তালিকায় আন্তঃবিভাগীয় ও সমন্বিত বিজ্ঞান গবেষণায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের র‍্যাঙ্কিংয়ে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আগের বছরের তুলনায় অনেক বেড়েছে। ২০২৬ সালে ৯১১টি প্রতিষ্ঠান তালিকায় থাকলেও ২০২৭ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৯টিতে। প্রতিযোগিতাপূর্ণ এই পরিস্থিতিতেও শেকৃবির অবস্থানের উন্নতি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টাকে এ সাফল্যের অন্যতম ভিত্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গবেষণার তিনটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে টিএইচই এ র‍্যাঙ্কিং তৈরি করে।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রার ইতিবাচক স্বীকৃতি। ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবস্থান আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।