নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার পর ছড়িয়ে পড়া ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ৬৩ শিক্ষার্থী। তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে চিকিৎসা চলছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে সাইনবোর্ড এলাকার পাঁচতলা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা ৪৯ মিনিটের চেষ্টায় রাত ৩টা ৪৪ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ ৬৩ শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত গুরুতর। আইসিইউতে থাকা চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসাধীন অন্য ৫৯ শিক্ষার্থীর বয়স ১৩ থেকে ২৯ বছরের মধ্যে। তাদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উদ্ধারকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, লাইব্রেরির বৈদ্যুতিক সংযোগে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কক্ষটির বই ও নথিপত্র পুড়ে যায়। রাতের বেলায় আগুন লাগার সময় মাদ্রাসার শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়লে তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বাইরে বের হওয়ার তাড়াহুড়ার মধ্যে অনেকে ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করেন। এতে তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পাওয়ার পর চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। লাইব্রেরির বইপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেলেও আগুন ভবনের ওপরের তলাগুলোতে ছড়াতে পারেনি।