২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন।
রবিবার (১৫ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে বর্ধিত সময়ের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণের কার্যক্রম চলবে। অন্যদিকে, সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত।
বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করতে হবে। ফলে বর্ধিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে বোর্ড চেয়ারম্যানের নির্দেশনায় ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।



