ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পুরোনো বিরোধের মীমাংসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই হল শাখার নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।ঘটনার সূত্রপাত হয় ৫ অক্টোবরের একটি মারধরের ঘটনাকে কেন্দ্র করে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম তারেককে মারধর করার অভিযোগ ওঠে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ সৌরভের বিরুদ্ধে।পরে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। সেই বৈঠকে সূর্যসেন হল ও সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রদলের নেতাকর্মীরা যুক্ত হন। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
আহতদের মধ্যে সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন, সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী রমজান আলী, হল শাখার সদস্য সাইফ আলী শিথিল, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ সৌরভ এবং আরিফুল ইসলাম তারেকের নাম জানা গেছে।সংঘর্ষের একপর্যায়ে রমজান আলী অচেতন হয়ে পড়েন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্য আহতদেরও রাতেই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।আরিফুল ইসলাম তারেকের দাবি, ৫ অক্টোবর বিকেলে মাহফুজ সৌরভ মোটরসাইকেল নিয়ে তাকে প্রায় ধাক্কা দিতে যাচ্ছিলেন। এ ঘটনার প্রতিবাদ করায় সৌরভ তাকে কয়েকবার চড় মারেন।
এরপর মঙ্গলবার তারেক ও তার কয়েকজন বন্ধু সৌরভের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তিনি মোটরসাইকেলটি রাস্তায় রেখে চলে যান বলে দাবি করা হয়েছে। পরে মোটরসাইকেলটি সূর্যসেন হলে নিয়ে যাওয়া হয় বলে জানান সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ফাইম শাহরিয়ার সাজিব।পরবর্তীতে বিরোধ মেটাতে দুই পক্ষের মধ্যে বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠকের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।ফাইম শাহরিয়ার সাজিব অভিযোগ করেন, বৈঠকের সময় সার্জেন্ট জহুরুল হক হলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে এসে হামলা করেন। তার দাবি, এর আগে লিওন তাকে মারধর করেন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন শাহরিয়ার লিওন। তার বক্তব্য, তারেক ও তার বন্ধুরাই আগে সৌরভকে মারধর করতে গিয়েছিলেন। পরে তিনি বিষয়টি সমাধানের উদ্যোগ নেন এবং বৈঠকের ব্যবস্থা করেন। সৌরভ ক্ষমা চাওয়ার পর হঠাৎ তাদের ওপর হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।মাহফুজ সৌরভের অভিযোগ, তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার পর সেটি ফেরত দেওয়ার জন্য টাকা দাবি করা হয়েছিল।এদিকে ঘটনার পর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানিয়েছেন লিওন। তবে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের বক্তব্যে পরস্পরবিরোধী অভিযোগ রয়েছে।