দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার আর্থিক প্রভাব ক্রমেই বড় হচ্ছে। মাত্র ১৮ দিনে ৩১৭টি কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। একই সময়ে ক্রেতারা বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) জরিপে এ তথ্য উঠে এসেছে।
১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শিল্পাঞ্চলে অস্থিরতা ও উৎপাদন বিঘ্নের কারণে কারখানাগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণে জরিপটি পরিচালনা করে বিজিএমইএ। রবিবার পর্যন্ত ৩১৭টি কারখানা এতে তথ্য দিয়েছে। জরিপ অনুযায়ী, এসব কারখানার উৎপাদন এক থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ ছিল।
বিজিএমইএর তথ্য বলছে, উৎপাদন বন্ধ থাকায় সরাসরি আর্থিক ক্ষতির পাশাপাশি রপ্তানি কার্যক্রমেও বড় ধরনের চাপ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় অনেক প্রতিষ্ঠানকে বাড়তি ব্যয়ে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। কোথাও ক্রেতাদের মূল্যছাড় দিতে হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিলের আশঙ্কাও দেখা দিয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বাংলাদেশের পরিবর্তে অন্য দেশে উৎপাদনের সিদ্ধান্ত নিচ্ছেন বিদেশি ক্রেতারা। জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, প্রায় ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরিত হয়েছে। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।
বিজিএমইএ জানিয়েছে, জরিপে পাওয়া তথ্য সামগ্রিক ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নয়। সংগঠনটির হিসাবে, ছয় শতাধিক কারখানা ক্ষতিগ্রস্ত হলেও জরিপে অংশ নিয়েছে ৩১৭টি। উপরন্তু ১৮ নভেম্বরের পরও শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে। ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
সংগঠনটির মতে, আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের সুনাম, ক্রেতাদের আস্থা ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্ভাবনাও ঝুঁকিতে পড়েছে। এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ না ঘটলে দেশের রপ্তানি আয় ও লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এদিকে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির মধ্যে আজ সোমবার মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করবে। বর্তমানে শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে। এর আগে গত মাস থেকে ১২ হাজার ৫০০ টাকা মজুরি বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের আন্দোলন শুরু হয়। বিক্ষোভ, সড়ক অবরোধ ও কর্মবিরতির ঘটনাও ঘটে। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে।
হালনাগাদ তথ্যের ভিত্তিতে মজুরি নির্ধারণের তাগিদ সিপিডির
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে নতুন বৈজ্ঞানিক জরিপের প্রয়োজনীয়তা তুলে ধরেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির বক্তব্য, জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও দুর্নীতির মতো ব্যবস্থাপনাগত দুর্বলতার দায় শ্রমিকদের কম মজুরির ওপর চাপানো উচিত নয়।
রবিবার (২২ নভেম্বর) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানকে পাঠানো এক চিঠিতে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ এ অবস্থান তুলে ধরেন।
চিঠিতে সংস্থাটি জানায়, তারা শ্রমিকদের মজুরি বৃদ্ধির পক্ষে। তবে ভাঙচুর, সহিংসতা ও শিল্পে অস্থিতিশীলতার সমর্থন করে না। এসব পরিস্থিতিতে শ্রমিক ও শিল্প—উভয় পক্ষের ক্ষতি হয়।
মজুরি বিশ্লেষণে পরিবারের সদস্যসংখ্যা ও উপার্জনকারীর হিসাব নিয়ে বিজিএমইএর প্রশ্নের ব্যাখ্যায় সিপিডি জানায়, তাদের হিসাবে একটি পরিবারের সদস্য চারজন এবং উপার্জনকারী ১ দশমিক ৫৮ জন ধরা হয়েছে। বিভিন্ন গবেষণায় পাওয়া তথ্যের মধ্যমানের ভিত্তিতে এ পরিসংখ্যান নির্ধারণ করা হয়েছে। তবে এ হিসাব প্রতিনিধিত্বশীল নমুনাভিত্তিক জরিপের বিকল্প নয় বলে স্বীকার করেছে সংস্থাটি।
সিপিডি আরও জানিয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৩ সালের আর্থসামাজিক ও জনমিতিক জরিপ অনুযায়ী পরিবারের গড় সদস্যসংখ্যা ৩ দশমিক ৯৬ জন ধরলেও মজুরি হিসাবের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে না।
সংস্থাটির মতে, শ্রমিকের জীবনমান নিশ্চিত করা এবং পোশাকশিল্পের সক্ষমতা ধরে রাখতে বাস্তবসম্মত তথ্যের ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা জরুরি।