কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নির্ধারিত ২ জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন শুরু হবে আগামী ২৫ নভেম্বর। এবার ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।
রবিবার (১৫ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৪ নির্ধারণ করা হয়েছে। ২৫ নভেম্বর ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট চালু হলে আবেদনের নিয়ম, প্রয়োজনীয় তথ্য ও অন্যান্য নির্দেশনা জানা যাবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে অংশ নিতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ওয়েবসাইটে অতিরিক্ত চাপের কারণে সম্ভাব্য জটিলতা এড়াতে তিনি শিক্ষার্থীদের দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন।
এবার কৃষি গুচ্ছের আওতায় ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও শিক্ষার্থী ভর্তি করা হবে ৯টিতে। বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
কৃষি গুচ্ছ পদ্ধতিতে এসব বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা একটি অভিন্ন ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পান।