নেদারল্যান্ডসের মাস্ট্রিখট ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ‘NL-High Potential Scholarship’ ঘোষণা করেছে। এবার মোট ১৮টি পূর্ণ বৃত্তি দেওয়া হবে।বৃত্তির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি, ভিসা, স্বাস্থ্য ও দায়বদ্ধতা বীমা এবং আবাসনসহ বিভিন্ন সুবিধা পাবেন। পাশাপাশি প্রতি মাসে প্রায় ১ হাজার ৫৫০ ইউরো জীবনযাত্রার খরচও দেওয়া হবে।
এক বছরের মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে ১৩ মাসের জন্য প্রায় ২০ হাজার ১৫০ ইউরো এবং দুই বছরের প্রোগ্রামের ক্ষেত্রে ২৫ মাসে প্রায় ৩৮ হাজার ৭৫০ ইউরো জীবনযাত্রার ভাতা দেওয়ার সুযোগ রয়েছে।আবেদনকারীদের ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার বাইরের দেশ, সুইজারল্যান্ড ও সুরিনামের নাগরিক হতে হবে। ২০২৭ সালের ১ সেপ্টেম্বর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। পাশাপাশি ১০-এর মধ্যে অন্তত ৭.৫ জিপিএ বা সমমানের ফলাফল থাকতে হবে।
আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পূর্ণকালীন মাস্টার্স প্রোগ্রামে আবেদন করে ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ভর্তির শর্ত পূরণ করতে হবে।আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ১ ফেব্রুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (CET)।আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত, মোটিভেশন লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আর্থিক প্রয়োজনের বিবৃতি এবং রেফারেন্স লেটার জমা দিতে হবে। নির্বাচিতদের নাম ২০২৭ সালের এপ্রিল মাসে প্রকাশ করার কথা রয়েছে।