শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা ও সৃজনশীল বিকাশে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ১০টি নির্ধারিত খেলাকে কেন্দ্র করে ক্রীড়া কার্যক্রম পরিচালনা করতে হবে।
রবিবার (১৫ নভেম্বর) প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব আয়োজন করতে হবে। নির্ধারিত খেলাগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডি। এর বাইরেও শিক্ষার্থীদের আগ্রহ ও সুযোগ অনুযায়ী অন্যান্য খেলাধুলার ব্যবস্থা রাখা যাবে।
নির্দেশনার লক্ষ্য শুধু প্রতিযোগিতা আয়োজন নয়; বরং শিক্ষার্থীদের নিয়মিত শারীরিক অনুশীলনের সঙ্গে যুক্ত করা। খেলাধুলার মধ্য দিয়ে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, দলগত কাজের মানসিকতা, নেতৃত্বের দক্ষতা এবং পারস্পরিক সহযোগিতার চর্চা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এই উদ্যোগের সূচনা হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের প্রস্তাবের মধ্য দিয়ে। গত ৮ অক্টোবর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র পাঠিয়ে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী ক্রীড়া কার্যক্রম চালুর সুপারিশ করেন। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।
প্রস্তাবের পক্ষে আন্তর্জাতিক উদাহরণও তুলে ধরেন প্রতিমন্ত্রী। চিঠিতে সিঙ্গাপুরের শিক্ষাব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, সেখানে শিক্ষাবর্ষের পরিকল্পনার সঙ্গে খেলাধুলা ও শারীরিক সক্ষমতা যাচাইয়ের কার্যক্রম যুক্ত রয়েছে। বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের ব্যবস্থা চালু হলে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস তৈরি হবে এবং ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ গঠনে ইতিবাচক প্রভাব পড়বে।
এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহারের ২৫ নম্বর দফায় ক্রীড়া শিক্ষা ও খেলাধুলার প্রসারের অঙ্গীকার এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্য বা মানসম্মত শিক্ষার বিষয়টিও প্রস্তাবে গুরুত্ব পেয়েছে।
প্রতিমন্ত্রীর সুপারিশের পর ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তী সময়ে ৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দেয়।
এর ধারাবাহিকতায় মাউশির শারীরিক শিক্ষা বিভাগ দেশের আঞ্চলিক পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে নির্দেশনা পাঠিয়েছে।
নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের দৈনন্দিন শিক্ষাজীবনে খেলাধুলা আরও গুরুত্বপূর্ণ জায়গা পাবে। শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি মাঠের অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করবে। একই সঙ্গে শিক্ষাঙ্গনে সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে ওঠারও সুযোগ তৈরি হবে।