বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আধুনিকায়ন, গবেষণার মানোন্নয়ন এবং কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেছেন, উচ্চশিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের দূরত্ব কমাতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানকে যৌথভাবে কাজ করতে হবে। এ জন্য পাঠ্যক্রম তৈরি ও সংশোধনের পাশাপাশি গবেষণা কার্যক্রমেও শিল্প খাতের প্রতিনিধিদের সম্পৃক্ত করা প্রয়োজন।
বৃহস্পতিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান জানান, শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানানো এবং শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শনের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবেন এবং শিক্ষকরা শিল্প খাতের সমস্যা ও প্রয়োজনগুলো বুঝতে পারবেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পরও অনেক শিক্ষার্থীর মধ্যে চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতার ঘাটতি থেকে যাচ্ছে। পাঠদান ও গবেষণার সঙ্গে শিল্প খাতের চাহিদার সমন্বয় না থাকায় এ পরিস্থিতি তৈরি হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে।
দেশীয় শিল্পের প্রযুক্তিগত সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন অধ্যাপক মামুন আহমেদ। তাঁর ভাষ্য, ওষুধ, বস্ত্র ও টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান সফটওয়্যার, যন্ত্রপাতি ও প্রযুক্তির জন্য এখনো বিদেশের ওপর নির্ভরশীল। উৎপাদন কিংবা রাসায়নিক প্রক্রিয়ায় জটিলতা দেখা দিলেও অনেক ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়। এমনকি গবেষণাগারের প্রয়োজনীয় ছোটখাটো উপকরণও আমদানি করতে হচ্ছে।
এ অবস্থা থেকে বেরিয়ে আসতে দেশীয় গবেষকদের দক্ষতা ও সক্ষমতা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের সমস্যাগুলো চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সঙ্গে যৌথ গবেষণা প্রস্তাব তৈরির আহ্বান জানান। এসব প্রস্তাব ইউজিসিতে জমা দেওয়া হলে কমিশনের পক্ষ থেকে অর্থায়নের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
গবেষণার বিষয় নির্বাচনে দেশের বাস্তব প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, যৌথ গবেষণার পরিধি কেবল বিজ্ঞান ও প্রযুক্তিতে সীমাবদ্ধ রাখা উচিত নয়। কৃষি, মৎস্য, জলবায়ু পরিবর্তন, ওষুধ ও রাসায়নিক শিল্প এবং পর্যটন খাতের সমস্যাগুলো নিয়েও গবেষণার সুযোগ রয়েছে।
শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে সফট স্কিল উন্নয়ন এবং ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী পাঁচ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা চালু করার লক্ষ্য রয়েছে বলে উল্লেখ করেন ইউজিসি চেয়ারম্যান। পাশাপাশি প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির বাইরে অন্তত একটি তৃতীয় বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগের কথাও জানান তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং গোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান।