রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশের মাঠ) তিন দিনব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ ও প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে। এ জন্য শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-২ থেকে মাঠ ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে। তবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকায় নতুন করে মেলার অনুমতি দেওয়ার ঘটনায় অসন্তোষ দেখা দিয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঢাকাসহ সারাদেশে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হবে।
মেলা আয়োজনের জন্য শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-২ থেকে বিনা ভাড়ায় মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত অনুমতিপত্র অনুযায়ী, মেলার প্রস্তুতি ও মূল আয়োজনের জন্য ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট পাঁচ দিন মাঠটি ব্যবহার করা যাবে। এ জন্য ৪০ হাজার টাকা ফেরতযোগ্য জামানত ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। পাশাপাশি অনুমতির সঙ্গে ১১টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
শর্ত অনুযায়ী, গণপূর্ত অধিদপ্তরের নির্ধারিত লোকেশন ম্যাপের মধ্যে থেকেই আয়োজন করতে হবে। মাঠের গাছপালা ও স্থাপনার কোনো ক্ষতি করা যাবে না এবং স্থায়ী কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না। অনুষ্ঠান শেষে আয়োজকদের নিজ খরচে সব মালামাল সরিয়ে নিতে হবে। পার্শ্ববর্তী সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। নিজস্ব স্বেচ্ছাসেবকের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও পুলিশ বিভাগের নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে হবে। এ ছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচি থাকলে কোনো কারণ দর্শানো ছাড়াই অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেছে কর্তৃপক্ষ।
তবে মাঠ পুনরুদ্ধারের আন্দোলনের মধ্যে আবারও সেখানে মেলার অনুমতি দেওয়ায় শিক্ষার্থীদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাদের দাবি, মাঠ নিয়ে চলমান বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো মেলা আয়োজন করা উচিত নয়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রাথমিক পর্যায়ে মেলার ভেন্যু হিসেবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ ব্যবহারের কথা বলা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে এ বিষয়ে কোনো লিখিত অনুমতিপত্র নেওয়া হয়নি। বিভিন্ন নোটিশেও মেলার স্থান হিসেবে পুরাতন বাণিজ্য মেলার মাঠের নাম উল্লেখ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে প্রায় ১৭ একর জমির ওপর মেলা আয়োজনের প্রস্তুতি শুরু করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মেলার ডেকোরেশনের দায়িত্বে থাকা শিমুল বলেন, মেলা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গেও মৌখিকভাবে কথা হয়েছে। আগের রাতেও বিষয়টি তাদের জানানো হয়েছে।
এ সময় গণপূর্ত অধিদপ্তরের মেলার মাঠের সুপারভাইজার আবুল কালাম আয়োজকদের উদ্দেশে বলেন, “তোমার কাজ শুরু করো। কোনো ঝামেলা হবে না। অনুমতি দিয়ে দিয়েছে।”
মাঠে মেলা আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিউল হাসান বলেন, “মাঠ নিয়ে আমাদের একটা ঝামেলা চলতেছে। আমরা এই মেলা হইতে দেওয়ার পক্ষে না। তারপরেও কেন মেলা হচ্ছে আমরা জানি না। আগে একটা মেলা বন্ধ হয়েছে।”
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, “এই মেলার জন্য প্রধানমন্ত্রীর থেকে অনেক আগেই একটা সিডিউল নেওয়া ছিল। আর এটার সাথে ভেটেনারি শিক্ষার্থীদের পেশাগত দিকটা জড়িত এজন্য মেলাটা এটা হতে দেওয়া হচ্ছে।”
এ বিষয়ে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রাণিসম্পদ প্রদর্শনীর পাশাপাশি এতে থাকবে ফুড ফেস্টিভ্যাল ও বিশেষ সেমিনার।
দেশের মানুষের প্রাণিজ পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি খামারি ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।



