সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি হিসাবের গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে। প্রাথমিক পর্যায়ে গ্রাহকেরা তাদের হিসাবে জমা থাকা সম্পূর্ণ মূল অর্থ এককালীন উত্তোলন বা নগদায়ন করতে পারবেন। তবে এই অর্থের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না।

এ জন্য আগামীকাল মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকে ব্যাংকের বিভিন্ন শাখায় আবেদন গ্রহণ শুরু হবে। গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দেওয়ার প্রস্তুতি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনসের প্রধান সমন্বয়ক এ এফ সাব্বির আহমদ স্বাক্ষরিত ওই নির্দেশনায় সব বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন পুনরায় চালু হওয়ার কথা রয়েছে। তবে শাখা ও উপশাখাগুলোতে নগদ অর্থের চাহিদাপত্র পাঠানো, বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাশ ব্যবস্থাপনার মতো প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে কয়েক দিন সময় লাগবে।

এ কারণে ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং বিভিন্ন মেয়াদি হিসাব—এর মধ্যে এমটিডিআর ও ডিপিএসসহ অন্যান্য হিসাব থেকে গ্রাহকেরা তাদের জমা করা মূল টাকা উত্তোলন করতে পারবেন।

তবে কোনো গ্রাহক যদি হিসাব বন্ধ না করে সেটি চালু রাখেন, তাহলে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। পরবর্তী সময়ে ব্যাংকের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে গ্রাহকেরা মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ পাবেন।

এদিকে গ্রাহকদের হারিয়ে যাওয়া আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস হিসেবে পালনের নির্দেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। দিনটিকে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনর্গঠনের দিন হিসেবে বিবেচনা করে বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথা বলা হয়েছে।

ওই দিন শাখা ও উপশাখাগুলো সুন্দরভাবে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মকর্তাদের নির্ধারিত ও মার্জিত পোশাকে উপস্থিত থাকতে এবং গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে অভ্যর্থনা জানাতে বলা হয়েছে।

বিশেষভাবে জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। শাখাগুলোতে পরিচ্ছন্ন ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার পাশাপাশি সেবার মান এবং গ্রাহক সন্তুষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে।

এ ছাড়া শাখায় পরিচালিত গ্রাহকসেবা কার্যক্রমের ভিডিও ধারণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে দীর্ঘদিন আমানত ফেরত দিতে না পারা এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে অন্তর্বর্তী সরকারের সময়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

ব্যাংকের তথ্য অনুযায়ী, একীভূত হওয়া এসব পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

অন্যদিকে পাঁচ ব্যাংকের মোট ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৯২ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮৬ শতাংশই খেলাপি ঋণ। একই সঙ্গে ব্যাংকগুলোর মূলধন ঘাটতির পরিমাণ দেড় লাখ কোটি টাকারও বেশি।

সরকারি মালিকানাধীন ব্যাংক হিসেবে গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।বাকি ১৫ হাজার কোটি টাকার সমপরিমাণ শেয়ার আমানতকারীদের দেওয়ার কথা রয়েছে।