সেপ্টেম্বর মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।রোববার, ৩১ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১১৫ টাকা দরে। অকটেনের দাম প্রতি লিটার ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্যও একই মূল্যহার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থাৎ ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বর্তমান নির্ধারিত দামেই বিক্রি অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কোনো জ্বালানি পণ্যের দাম বাড়ানো বা কমানো হচ্ছে না।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে।