কনকর্ড গ্রুপ অব কোম্পানিজের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জীবনবিমা ও স্বাস্থ্যসেবা সুবিধা দেবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি সই হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীতে কনকর্ড গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ, এবং কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল।
চুক্তি প্রসঙ্গে শেখ রকিবুল করিম বলেন, কর্মীদের সুস্থতা ও কল্যাণ টেকসই ব্যবসায়িক সাফল্যের অন্যতম ভিত্তি। এ অংশীদারিত্বের মাধ্যমে কনকর্ডের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আর্থিক সুরক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখতে চায় গার্ডিয়ান।
শাহরিয়ার কামাল বলেন, কর্মীদের প্রতি প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু কর্মক্ষেত্র নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনের অনিশ্চয়তা মোকাবিলায়ও তাদের পাশে থাকা জরুরি। নতুন এ অংশীদারিত্ব কর্মী ও তাদের পরিবারের কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চুক্তি সই অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার সানিয়াত রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বিজনেস লিড মোহাম্মদ সয়েব এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার অরণ্যা আক্তার বিথী উপস্থিত ছিলেন।
কনকর্ড গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার ও গ্রুপ হেড অব এইচআর শাকিল আবির, চিফ মার্কেটিং অফিসার অনুপ কুমার সরকার, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. আবদুল করিমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গার্ডিয়ান লাইফের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানকে বিমা সুরক্ষা দিচ্ছে। তাদের দাবি, দেশজুড়ে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ গার্ডিয়ানের জীবনবিমা সুরক্ষার আওতায় রয়েছেন। এ ছাড়া ৫০০টির বেশি অংশীদার হাসপাতালের মাধ্যমে চিকিৎসাসেবা এবং অ্যাপ ও ২৪ ঘণ্টার হেল্পলাইন ১৬৬২২-এর মাধ্যমে নগদ অর্থ ছাড়াই চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ রয়েছে।