রংপুরে চোরাই পাঁচটি মোটরসাইকেল উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
পুলিশ জানায়, গত ৫ অক্টোবর গঙ্গাচড়া থানার সাউদপাড়া গ্রামের গোলাম রব্বানীর মোটরসাইকেলটি তাজহাটের দর্শনা রোডে একটি গ্যারেজের সামনে থেকে চুরি হয়। এ ঘটনায় তিনি তাজহাট থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে।
এরপর ওসি রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এসআই জাহুরুল হক, এসআই মুনমুন হোসাইন ও নূর নবীসহ পুলিশের একটি দল রংপুরের মিঠাপুকুর, পীরগঞ্জ এবং দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলসহ মোট পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিঠাপুকুরের শাহিন মিয়া (৩২), পীরগঞ্জের শিমুল মণ্ডল (৩৫), মিলন মিয়া (৩৫), হাসান মিয়া (২৮) ও রাশেদ প্রধান (৩২)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।