রাজশাহীর দুর্গাপুরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ট্রাকচালক শামীম রেজাকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত ট্রাকটি।
রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপাড়া এলাকায় পুরোনো পানহাটার পাকা সড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার শামীম রেজাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান ও তার সঙ্গীয় দল দুর্গাপুরের হাটকানপাড়া এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোপালপাড়া এলাকার পুরোনো পানহাটার সড়কে একটি ট্রাকে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
খবর পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা দুই ব্যক্তির একজন পালিয়ে যান। অন্যজন ট্রাকচালক শামীম রেজাকে আটক করা হয়। পরে তার দেহ ও ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে একটি ব্যাগ থেকে ৩৮টি জিপারযুক্ত প্যাকেটে রাখা ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শামীম রেজা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি এলাকার নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় শামীম রেজা ও পলাতক জনি আলীর বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক জনি আলীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।