বেকারত্ব কমানো এবং টেকসই ব্যবসা পরিচালনায় দক্ষ উদ্যোক্তা গড়ে তুলতে পঞ্চগড়ে শুরু হয়েছে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP)-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করেছে যমুনা ব্যাংক পিএলসি।
সোমবার দুপুরে আরডিআরএস বাংলাদেশের হলরুমে কর্মসূচির উদ্বোধন করেন সিসিপি প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন।
যমুনা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিসিপি প্রোগ্রামের ডেপুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর ও অর্থ বিভাগের যুগ্মসচিব ময়নুল হাসান, সহকারী এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর ও অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার, যমুনা ব্যাংকের এসএমই বিভাগের প্রধান নাসরুল হাদি মোহাম্মদ নুসরাত এবং বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ।
বক্তারা বলেন, উত্তরাঞ্চলে উদ্যোক্তা উন্নয়নে এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে নতুন ব্যবসা গড়ে তোলার সুযোগ বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।