ঢাকার আশুলিয়ায় একটি অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। এর আগে রোববার বিকেলে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় জাহানারা বেগমের মালিকানাধীন একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আউকপাড়া এলাকার সৈয়দ আলভী (৩০), উত্তর আউকপাড়া এলাকার মো. মামুন (৩৪) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা এলাকার জহিরুল (২৭)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ বিভিন্ন অভিযোগে মোট নয়টি মামলা রয়েছে।
ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, রোববার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গ্যারেজটিতে অস্ত্রধারীদের অবস্থানের তথ্য পেয়ে এসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পরে ওসি মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে পিস্তল ও গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্রটি লোহার তৈরি এবং এতে কাঠের বাট রয়েছে। অস্ত্রটির গায়ে ইংরেজি অক্ষর খোদাই করা আছে। গ্রেপ্তারদের মধ্যে সৈয়দ আলভীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা, মামুনের বিরুদ্ধে মাদক আইনে দুটি ও অন্যান্য ধারায় তিনটি মামলা এবং জহিরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি ও চুরির দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।
ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, অস্ত্রটি কোথা থেকে এসেছে, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।




