শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীতে সনাতন ধর্মাবলম্বী ৬০০ দরিদ্র নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ও প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের উদ্যোগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি মন্দিরে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নীলফামারী জেলা শাখার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র নারীদের প্রত্যেককে একটি করে শাড়ি দেওয়া হয়।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু জানান, শাহরিন ইসলাম তুহিনের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে এ সহায়তা দেওয়া হয়েছে। তুহিন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ, সংগঠনটির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তিমির কুমার বর্মণ ও উত্তম কুমার রায়, সদর উপজেলা আহ্বায়ক হিরম্ব কুমার রায় হিরু, বারুণীর ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায় মিরু এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের নীলফামারী জেলা শাখার সভাপতি সুমন চক্রবর্তী উপস্থিত ছিলেন।