ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান এলাকায় আবারও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রাইভেট কার, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই স্থানে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দুর্ঘটনাপ্রবণ এই এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সম্প্রতি নুরুর দোকান এলাকায় সড়ক দুর্ঘটনায় সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়। সেই ঘটনার পর আবারও তিনজনের প্রাণহানির খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়দের আশঙ্কা, ঝুঁকিপূর্ণ স্থানটি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও এমন দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকার সচেতন নাগরিকেরা সড়ক ও জনপথ বিভাগ, হাইওয়ে পুলিশ এবং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। তাদের দাবি, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, বিপজ্জনক ওভারটেকিং বন্ধ, ট্রাফিক সাইন স্থাপন এবং নিয়মিত পুলিশি নজরদারি নিশ্চিত করতে হবে।
বারবার প্রাণহানির পরও ওই এলাকায় নিরাপত্তা জোরদারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেবে।




