টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দিলে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে কালিহাতীর পৌলি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দেয়ালে ধাক্কা দেয়। এতে বাসের সামনে থাকা সুপারভাইজার ও অজ্ঞাতপরিচয় এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত তিনজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




