শারদীয় দুর্গাপূজা দেখতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক সাধন কুমার। কিন্তু আনন্দের সেই যাত্রা মুহূর্তেই পরিণত হয় শোকাবহ ঘটনায়। গরুবোঝাই নসিমনের চাপায় প্রাণ হারিয়েছে তার দুই সন্তান শোভন (১০) ও দিশা (৩)। দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। এ দুর্ঘটনায় তারাও আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের বাসিন্দা সাধন কুমারের সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানে দুর্গাপূজার মণ্ডপ দেখতে বের হন সাধন কুমার। পথে ফুলতলা এলাকায় তাদের বহনকারী ভ্যানের সঙ্গে গরুবোঝাই একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। একপর্যায়ে নসিমনটি ভ্যানের ওপর উল্টে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় দুই শিশু। দুর্ঘটনায় সাধন কুমার ও তার স্ত্রী সামান্য আহত হন। তারা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। নসিমনচালক গুরুতর আহত হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু দুটির মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।