শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে শাড়ি তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সংসদ সদস্য নওশাদ জমিরের বিশেষ সহকারী মাহমুদুল হাসান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুর ইসলাম শাহ।
এ ছাড়া পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অরুনাংশু চন্দ্র সেন, সাধারণ সম্পাদক হরিস চন্দ্র রায়, দেবনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করিম, ভজনপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম ও সদর ইউনিয়নের সংসদ সদস্যের প্রতিনিধি তাজউদ্দীন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।