নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরীক্ষার হলে মোবাইল ফোনসহ ধরা পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ও ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী জাহিদুল ইসলাম হাছান। তবে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী সময়ে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
গত ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের ৪০২ নম্বর কক্ষে ফলিত গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। ওই দিন ক্লাসিক্যাল মেকানিক্স (কোর্স কোড-৪১০৩) বিষয়ের পরীক্ষা দিচ্ছিলেন জাহিদুল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে জাহিদুলের বেঞ্চের ওপর চাদরের একাংশ দেখে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা পরিদর্শক জয়ন্ত কুমার বাসাকের সন্দেহ হয়। পরে তাঁকে দাঁড় করিয়ে তল্লাশি করলে পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর তাঁর উত্তরপত্র রেখে তাঁকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধিতে পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা কিংবা সেগুলো ব্যবহার করে উত্তর লেখাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ধরনের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পরীক্ষককে জব্দ করা আলামত, প্রবেশপত্র ও উত্তরপত্রসহ প্রধান পর্যবেক্ষককে অবহিত করতে হয়। পরে প্রধান পর্যবেক্ষকের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত ফরমে লিখিত অভিযোগ দেওয়ার বিধান রয়েছে।
তবে মোবাইল ফোন উদ্ধারের পর জাহিদুলকে হল থেকে বের করে দেওয়া হলেও বিধি অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা পরিদর্শক জয়ন্ত কুমার বাসাক বলেন, বেঞ্চের ওপর চাদর দেখে তাঁর সন্দেহ হয়। পরে তল্লাশি করে জাহিদুলের পকেটে মোবাইল ফোন পাওয়া যায়। তবে তাঁকে মোবাইল দেখে লিখতে সরাসরি দেখেননি। এ কারণে তাঁর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁকে দুই মিনিটের মধ্যে পরীক্ষার হল ত্যাগ করতে বলা হয়।
পরীক্ষার প্রধান পর্যবেক্ষক ও এফটিএনএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মানসুরা মকবুল বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি। তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ডেপুটি কন্ট্রোলার শফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের লেখালেখির মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। তবে দপ্তরে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ ছাড়া তাঁদের পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. গোলাম রব্বানীও জানান, এ বিষয়ে তাঁদের কাছে কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ ছাড়া ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জাহিদুল ইসলাম হাছানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।