বিদেশে নেওয়ার কথা বলে শারীরিক নির্যাতন এবং পরিবারের কাছ থেকে ৬০ লাখ টাকা আদায়ের অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নির্যাতিত ও নিপীড়িত সাধারণ মানুষ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে ভুক্তভোগী মিজানুর রহমান, মৃত হাবিবুর রহমানের স্ত্রী তাসলিমা আক্তার, নয়ন তালুকদার ও আজিজুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, ফরিদপুরের সদরপুর উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মোহাম্মদ ব্যাপারীর ছেলে মুরাদ ব্যাপারীসহ একটি চক্র তাদের বিদেশে নেওয়ার কথা বলে দিনের পর দিন শারীরিক নির্যাতন ও মারধর করেছে। এ সময় পরিবারের সদস্যদের কাছ থেকে বিভিন্ন দফায় মোট ৬০ লাখ টাকা আদায় করা হয় বলে দাবি করেন তারা।
ভুক্তভোগীদের ভাষ্য, দেশে ফেরার পর টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তা দিতে অস্বীকৃতি জানান। বরং তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে মিজানুর রহমান পাওনা টাকা ফেরত পাওয়ার আকুতি জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, সরল বিশ্বাসে বিদেশে যাওয়ার আশায় তারা টাকা দিয়েছিলেন। এখন সেই টাকা ফেরত পাওয়ার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। এ ঘটনায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।