কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে প্রায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. জিয়াবুল জানান, আগুনে বাজারের ওষুধ, মুদি, সেলুন, হার্ডওয়্যার, লন্ড্রি ও ডেকোরেশনের দোকানসহ প্রায় ১৫টি দোকান পুড়ে গেছে। ভোররাতে একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দোকানগুলোর মালামাল পুড়ে যায়।
আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আনছার উল্লাহ জানান, বাজারে তার একটি কাপড়ের দোকান ছিল। সেখানে প্রায় ১৫ লাখ টাকার পুঁজি বিনিয়োগ করেছিলেন। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেও আগুনে সবকিছু হারিয়ে এখন তিনি নিঃস্ব।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক দিদারুল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে বাজারের একটি টমটমের গ্যারেজের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রায় ১৫টি দোকান পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।