সিলেটের দক্ষিণ সুরমায় সংসদ সদস্য এম এ মালেকের বাসভবনে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দুর্বৃত্তদের ছোড়া আগুনে বাড়ির টিনের চালের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি।
সিলেট-৩ আসনের এই সংসদ সদস্যের বাড়িটি দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় অবস্থিত। হামলার পর বাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
এম এ মালেক জানান, ভোরে হঠাৎ বিকট আওয়াজে তার ঘুম ভেঙে যায়। পরে বাইরে এসে আগুন লাগার বিষয়টি জানতে পারেন। এ সময় তার স্ত্রী ও ছেলেও বাড়িতে ছিলেন। তারাও শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন।
সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা একটি লেগুনায় করে এসে পেট্রলবোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তখন বাড়িতে দায়িত্ব পালনরত চারজন নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনায় ক্ষোভ জানিয়ে এম এ মালেক বলেন, নির্বাচিত হওয়ার পর এলাকায় রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো বিভাজন না করে সবার শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছেন তিনি। এরপরও তার বাড়িতে এমন হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
এদিকে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলায় দুজনের সম্পৃক্ততার প্রাথমিক ধারণা পেয়েছে পুলিশ। 
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ঘটনার পেছনে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ বিস্তারিত জানায়নি।