ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় চিত্র রায় (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী সুবোধ সিংহ (৫৫) গুরুতর আহত হয়েছেন। 
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার হাজির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চিত্র রায় সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের খোকা রামের ছেলে। আহত সুবোধ সিংহ একই উপজেলার আখচা ডাক্তারপাড়া গ্রামের যতীনের ছেলে।
বোদা হাইওয়ে থানার উপপরিদর্শক নুর হোসেন জানান, দিনাজপুর থেকে পঞ্চগড়গামী রিফাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় একই দিক থেকে চলাচলকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মিনিটের মধ্যে চিত্র রায় মারা যান। অন্যদিকে সুবোধ সিংহের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপপরিদর্শক নুর হোসেন আরও জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।