সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে পুলিশ। এ সময় কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। একপর্যায়ে মিরুকে আটক না করেই ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
হালিমুল হক মিরু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মিরুকে গ্রেপ্তারের উদ্দেশ্যে থানা পুলিশের একটি দল তার বাড়িতে যায়। এ সময় তিনি বাড়িতেই ছিলেন। পুলিশের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে গ্রামের কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসেন। তারা পুলিশকে গ্রেপ্তারে বাধা দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। পরিস্থিতির একপর্যায়ে মিরুকে গ্রেপ্তার না করেই ফিরে যায় পুলিশ।
স্থানীয়দের দাবি, এলাকায় মিরুর জনপ্রিয়তা রয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে নৌকা প্রতীকের প্রার্থীর কাছে পরাজিত হন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি কোনো সহিংসতা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে দাবি করেন তারা। তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী রাস্তায় নেমেছিলেন বলেও জানান স্থানীয়রা।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মিরুকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়িতে গিয়েছিল। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। পুলিশের যাওয়ার খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে আগেই সতর্ক করে দেন। পরে তিনি পালিয়ে যান। পুলিশকে বাধা দিতে গ্রামের কিছু মানুষ জড়ো হয়েছিলেন। তাদের সামনে নারীদের রাখা হয়েছিল। মিরুর বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান বলেন, মিরুকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে তাকে পাওয়া যায়নি। সেখানে কিছু লোকজন জড়ো হয়েছিলেন। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং পুলিশের সঙ্গে কারও কোনো বিরোধ বা ঝামেলাও হয়নি।