নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে চট্টগ্রামের জামালখান থেকে নূর আহমদ সড়ক পর্যন্ত অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা ও টং দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের (যুগ্ম জেলা ও দায়রা জজ) নেতৃত্বে নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান, চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি ও নূর আহমদ সড়ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার এবং দুটি লোহার বক্স জব্দ করা হয়।
চসিক কর্তৃপক্ষ জানায়, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার লক্ষ্যেই এ অভিযান চালানো হয়েছে।
অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা সহযোগিতা করেন।
নগরীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।