দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের পর গাজীপুরের শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কর্মপরিবেশ। কারখানায় শ্রমিকদের উপস্থিতি বাড়লেও নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষের মধ্যে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় কাজে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা। বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও নতুন করে বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে এখনো বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ৩২ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ প্লাটুন, আনসারের ৫ প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ৮ প্লাটুন সদস্য রয়েছেন। পাশাপাশি ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এসব তথ্য জানান। তিনি বলেন, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয়, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। বিজিবি সদস্যরা ইতোমধ্যে মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন।
অন্যদিকে, গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, শ্রীপুর শিল্পাঞ্চলের ভিনটেক্স ডেনিম, মেঘনা নীট, সাবলাইম, এক্সিকিউটিভ গ্রিনটেক্স, টি ডিজাইন, ডিজাইটেক্স, স্ট্যান্ডার্ড, এমএনআর সোয়েটার, ওয়েলডান, কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, প্যান্ডোরা সোয়েটার, ডেনিম্যাক ডেনিম, নাসা হাইটেকসহ বেশ কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। জেলার অন্যান্য শিল্পাঞ্চলেও কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ আছে।
উল্লেখ্য, মজুরি বাড়ানোর দাবিতে গত এক মাস ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ চলে আসছিল। আন্দোলনের সময় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের সদস্যরা আহত হন। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
এ ছাড়া আন্দোলনের সময় মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হওয়া তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়। পরিস্থিতির কারণে অনেক কারখানা কর্তৃপক্ষ সাময়িকভাবে ছুটি ঘোষণা করেছিল। নতুন করে শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।