সীমান্তজুড়ে অভিযান চলছে, জব্দ হচ্ছে মাদকের বড় বড় চালান। তবু জামালপুরের বকশীগঞ্জে থামছে না অবৈধ পণ্য পাচার, বাড়ছে স্থানীয়দের উদ্বেগ।
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে প্রতিনিয়ত দেশে ঢুকছে ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের মাদক, গরু ও প্রসাধনী সামগ্রী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান এবং পণ্য জব্দের পরও চোরাচালানের বিস্তার কমছে না। সীমান্তের একাধিক পথ ব্যবহার করে এসব পণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
বিশেষ করে মাদকের অবাধ প্রবেশে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা। তাদের দাবি, চোরাচালান বন্ধে শুধু অভিযান নয়, এর পেছনে থাকা সিন্ডিকেট ও সহযোগীদেরও আইনের আওতায় আনতে হবে।
জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা ভারতের সীমান্তবর্তী এলাকা। প্রায় ৭২ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে জামালপুর-৩৫ বিজিবি। বকশীগঞ্জে ধানুয়া কামালপুর স্থলবন্দর, লাউচাপড়া বিনোদন কেন্দ্র এবং সাধু আন্দ্রে ধর্মপল্লী থাকায় এলাকাটির গুরুত্বও বেশ। তবে সীমান্তবর্তী এই জনপদে মাদক ও চোরাই পণ্যের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে বৈষ্ণব পাড়া, দিঘল কোনা, টিলা পাড়া, সোমনাথ পাড়া ও লাউচাপড়া সীমান্ত দিয়ে মাদকের চালান দেশে প্রবেশ করে। পরে বিভিন্ন চক্রের মাধ্যমে এসব মাদক দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হয়। একই পথে ভারতীয় গরু ও প্রসাধনী সামগ্রীও আনা হচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এলাকাবাসীর দাবি, সীমান্তের এসব পথ ব্যবহার করে প্রতিদিন বিপুল অর্থের অবৈধ পণ্য লেনদেন হচ্ছে। চোরাচালানের সঙ্গে একাধিক চক্র জড়িত থাকায় বিচ্ছিন্ন অভিযানেও পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক অভিযানে বেশ কয়েকটি বড় চালান জব্দের তথ্য পাওয়া গেছে। সম্প্রতি বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকা থেকে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা মূল্যের ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে জামালপুর-৩৫ বিজিবি। এর কয়েক দিন আগে একই এলাকা থেকে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ছাড়া ভারতীয় গরু পাচারের সময় আটটি গরু জব্দ করা হয়েছে। বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে মাদকের পাশাপাশি ভারতীয় প্রসাধনী পণ্যও আটক হচ্ছে। তবে এসব পদক্ষেপের পরও পাচারকারীদের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বকশীগঞ্জের এক বাসিন্দা জানান, রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত সীমান্ত এলাকায় চোরাকারবারিদের আনাগোনা বেড়ে যায়। এ সময় বিভিন্ন কৌশলে মাদক, গরু ও প্রসাধনী পণ্য দেশে আনা হয়। মাঝেমধ্যে অভিযান চালিয়ে পণ্য জব্দ করা হলেও পাচার বন্ধ হচ্ছে না। স্থানীয় প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে একটি চক্র এ কারবার চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
চোরাচালান নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ দাবি করেছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন কাজ করছে। অভিযানে অনেক চোরাকারবারিকে আটকও করা হচ্ছে। এ ধরনের অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সহযোগিতা প্রয়োজন।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি পুলিশের মাদকবিরোধী অভিযানও চলমান রয়েছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন অভিযানে মাদক, গরু ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে। এসব অপরাধের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি রয়েছে। সীমান্ত অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।




