নিয়মিত পাঠদানের চিত্র দেখতে গিয়ে ব্যতিক্রমী অভিজ্ঞতার মুখোমুখি হলেন শিক্ষামন্ত্রী। একটি কলেজের শ্রেণিকক্ষে গিয়ে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী, যা নিয়ে শিক্ষকদের কাছে ব্যাখ্যা চান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে এ পরিস্থিতি দেখতে পান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
পরিদর্শনের সময় একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে বসে থাকতে দেখে বিস্ময় প্রকাশ করেন মন্ত্রী। তিনি শিক্ষকদের কাছে জানতে চান, বাকি শিক্ষার্থীরা কোথায় এবং কেন ক্লাসে উপস্থিত নেই। জবাবে এক নারী শিক্ষক জানান, কলেজটিতে মোট ১৫ জন ছাত্রী রয়েছে। তবে ওই দিন ক্লাসে এসেছে মাত্র একজন।
শিক্ষার্থীদের নিয়মিত অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষকরা জানান, অনেকের ক্লাসে আসার আগ্রহ কম। তাদের উপস্থিতি নিশ্চিত করতে ফোন করে কলেজে আসতে বলতে হয়। আরেক শিক্ষক জানান, নির্ধারিত সময়ে ক্লাসে প্রবেশ করলেও শিক্ষার্থীরা তখনো শ্রেণিকক্ষে আসেনি।
কলেজের অন্যান্য শ্রেণিকক্ষেও শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখে শিক্ষকদের কাছে ক্লাস শুরুর সময় জানতে চান শিক্ষামন্ত্রী। শিক্ষকদের দেওয়া বিভিন্ন ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি তিনি।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। শিক্ষার পরিবেশ উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।




