ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাত থেকে উপকূলীয় বনভূমি, বন্যপ্রাণী ও মানুষের বসতি রক্ষায় নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাপানের কারিগরি ও আর্থিক সহযোগিতায় স্থানীয় উপকরণ ব্যবহার করে বিশেষ ধরনের বেড়া নির্মাণ করা হচ্ছে।
পটুয়াখালীর সাগরপাড়ের গঙ্গামতি, ধুলাস্বর ও খাজুরা ম্যানগ্রোভ বন রক্ষায় পরীক্ষামূলকভাবে নেওয়া এ উদ্যোগকে উপকূলীয় বন ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে এ পদ্ধতি বাস্তবায়িত হলে ভাঙনপ্রবণ এলাকায় মাটি জমার পরিবেশ তৈরি হবে এবং উপকূলীয় ভূমির স্থিতিশীলতা বাড়বে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম জানান, বঙ্গোপসাগরের বিভিন্ন দ্বীপ ছাড়াও সাতক্ষীরার সুন্দরবন থেকে শুরু করে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত বিস্তৃত উপকূলীয় বন দেশের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব বন শুধু সবুজের সমারোহ নয়, বরং জীববৈচিত্র্য, বন্যপ্রাণীর আবাসস্থল এবং উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম অবলম্বন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রবল বাতাস ও সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাত থেকে উপকূলীয় জনপদ ও সম্পদ রক্ষায় প্রাকৃতিক প্রতিরক্ষা বেষ্টনী হিসেবেও কাজ করে ম্যানগ্রোভ বন।
কিন্তু প্রতিবছর সমুদ্র ও মোহনায় নদীভাঙনের কারণে উপকূলীয় বনের উল্লেখযোগ্য অংশ বিলীন হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের তীব্রতা এবং প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন এ সংকট আরও বাড়িয়ে তুলছে। ফলে বনভূমি ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংসের পাশাপাশি দুর্বল হয়ে পড়ছে উপকূলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা।
প্রতিমন্ত্রী বলেন, শুধু গাছ লাগিয়ে বন সৃষ্টি করলেই প্রত্যাশিত সুফল পাওয়া সম্ভব নয়। বনভূমি রক্ষার পাশাপাশি ভাঙনপ্রবণ উপকূলীয় এলাকার মাটির স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। সমুদ্রের ঢেউয়ের শক্তি কমিয়ে পলি জমার উপযোগী পরিবেশ তৈরি করা এখন অত্যন্ত জরুরি। এর সঙ্গে পরিবেশের ভারসাম্য, জীববৈচিত্র্যের অস্তিত্ব, স্থানীয় মানুষের জীবন-জীবিকা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতাও জড়িত।
তিনি আরও বলেন, বর্তমান সরকার পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষাকে টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হিসেবে বিবেচনা করছে। এ লক্ষ্য অর্জনে বিদ্যমান বনভূমি সংরক্ষণের পাশাপাশি নতুন করে বনায়ন করতে হবে। শুধু গাছ রোপণ নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সুরক্ষাও নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী জানান, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) আর্থিক ও কারিগরি সহায়তায় পটুয়াখালীর সাগরপাড়ের গঙ্গামতি, ধুলাস্বর ও খাজুরা ম্যানগ্রোভ বন রক্ষায় বিশেষ এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় প্রায় ৬০ মিটার এলাকায় পরীক্ষামূলকভাবে বিশেষ ধরনের বেড়া নির্মাণ করা হয়েছে। উপকূলীয় বনের ভাঙন ঠেকাতে এবার প্রচলিত কংক্রিটের দেয়াল কিংবা ব্লকের পরিবর্তে স্থানীয়ভাবে সহজলভ্য কাঠ ব্যবহার করা হচ্ছে।
এ পদ্ধতিতে কাঠ দিয়ে একাধিক স্তরের বিশেষ বেড়া বা প্রতিবন্ধক কাঠামো তৈরি করা হচ্ছে। সমুদ্র ও নদীর ঢেউ সরাসরি বনভূমিতে আঘাত হানার আগেই এসব কাঠামো ঢেউয়ের গতিশক্তি কমিয়ে দেবে। ফলে পানির সঙ্গে আসা পলি ও বালু বেড়ার বিভিন্ন স্তরে জমা হওয়ার সুযোগ পাবে। এতে ভাঙন কমার পাশাপাশি নতুন ভূমি জেগে ওঠার অনুকূল পরিবেশ তৈরি হবে।
প্রতিমন্ত্রী বলেন, জাপান এ ধরনের প্রযুক্তি প্রয়োগ করে ইতোমধ্যে সুফল পেয়েছে। বাংলাদেশেও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে এবং স্থানীয় কাঠের উপকরণ ব্যবহার করে বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ভিত্তিতে কাঠামোর নকশা তৈরি করা হচ্ছে। পানির প্রবাহের গতিশক্তি কমানো, মাটির ক্ষয় রোধ এবং বেড়ার বিভিন্ন স্তরে পলি জমার উপযোগী পরিবেশ সৃষ্টিই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এভাবে ভাঙনপ্রবণ এলাকায় নতুন চর জেগে উঠবে। কয়েক বছর পর ওই চরে নতুন করে বনায়ন করা সম্ভব হবে। একই সঙ্গে উপকূলীয় বনের স্থায়িত্ব বাড়বে এবং দীর্ঘমেয়াদে বনভূমি সংরক্ষণ সহজ হবে।
এ উদ্যোগ সফল হলে ম্যানগ্রোভ বনের গাছপালার পাশাপাশি বন্যপ্রাণী, পাখি, সরীসৃপ, কীটপতঙ্গসহ বিভিন্ন জলজ প্রাণীর আবাসস্থল সুরক্ষিত থাকবে। বজায় থাকবে প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য। পাশাপাশি কৃষিজমি, ঘরবাড়ি, অবকাঠামো এবং উপকূলীয় মানুষের জীবন-জীবিকার ওপর প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাবও কমিয়ে আনা সম্ভব হবে।
সংশ্লিষ্টদের মতে, স্থানীয় উপকরণ, জনসম্পৃক্ততা ও আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সমন্বয়ে জাপানি মডেলের এ উদ্যোগ সফল হলে দেশের অন্যান্য ভাঙনপ্রবণ উপকূলীয় বন রক্ষায়ও এটি কার্যকর দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।




