পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ কাদেরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) মিস্ত্রিপাড়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের নির্দেশনায় সীমান্তের পাটসিঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মেইন পিলার ৪১৭-এর ৬ নম্বর সাব পিলার থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাদেরুলকে তল্লাশি করে ১০০ মিলিলিটারের ৮০ বোতল ‘উইনসেরেক্স’ কফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক কাদেরুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে। বিজিবির হিসাবে উদ্ধার করা সিরাপের আনুমানিক জব্দমূল্য ৩২ হাজার টাকা।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৪(গ) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে চোরাচালান ও অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকবিরোধী কার্যক্রমও জোরদার করা হয়েছে।




