স্বাধীন সাংবাদিকতাই সরকারকে সত্য কথা বলে, অন্যরা অনেক সময় শুধু খুশির গল্প শোনায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।শনিবার (২৯ আগস্ট) সকালে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের বার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র ও দেশের উন্নয়ন সম্ভব নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ন্যায্য বেতন, কর্মপরিবেশ ও পেশাগত মর্যাদা নিশ্চিত করাও জরুরি।

কাদের গনি চৌধুরী বলেন, রাজনৈতিক প্রভাব, প্রাতিষ্ঠানিক চাপ ও পেশাগত অনিরাপত্তার কারণে সাংবাদিকতা এখনো নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। একই সঙ্গে অপসাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত দক্ষতার ঘাটতিও সমস্যা তৈরি করছে।

তিনি ‘নো ওয়েজবোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর করার আহ্বান জানান। তার মতে, সাংবাদিকদের ওপর হামলা, মামলা বা ভয়ভীতি সৃষ্টি হলে শুধু একজন সাংবাদিক ক্ষতিগ্রস্ত হন না, পুরো গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়।

রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের প্রশ্নকে ভয় না পেয়ে তাদের প্রশ্নের জবাব দেওয়া উচিত। সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সাধারণ মানুষের জানার অধিকার রক্ষারও অংশ।