পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মামাতো ও ফুপাতো দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ওই এলাকার রহমত আলীর মেয়ে রাইসা (৪) এবং তার ভাগ্নি ফারিহা (৩)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ফারিহার মা লিপি আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে রাইসা ও ফারিহা বাড়ির বাইরে খেলাধুলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের ধারে জলপাই গাছের নিচে পড়ে থাকা ফল কুড়াতে যায় তারা।
ধারণা করা হচ্ছে, পুকুরের কাছাকাছি গিয়ে অসাবধানতাবশত দুই শিশুই পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরে মেয়েকে ভাসতে দেখেন। তার চিৎকারে স্বজনরা ছুটে এসে প্রথমে রাইসাকে উদ্ধার করেন। পরে পানির নিচ থেকে ফারিহাকেও উদ্ধার করা হয়।
দ্রুত দুই শিশুকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।




