শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পড়াশোনার বাইরেও নাচ, গান, খেলাধুলা ও সংস্কৃতিচর্চাসহ বিভিন্ন সৃজনশীল কাজে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিশুদের জন্য প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, খেলাধুলা শিশুদের শরীর ও মন ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কেবল শ্রেণিকক্ষের পাঠের মধ্যে শিক্ষার্থীদের সীমাবদ্ধ না রেখে তাদের বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন বই ও শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ চলছে। ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে শিক্ষাক্রমে নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
‘প্রকৃতির পাঠশালা’ উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী আশা প্রকাশ করেন, এর মাধ্যমে শিশুরা প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে আনন্দময় পরিবেশে হাতে-কলমে শেখার অভিজ্ঞতাও অর্জন করতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



