কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিংড়ি মাছ খাওয়ার পরপরই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলে জানা গেছে।
ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে খাবার খাচ্ছিলেন তিনি। এ সময় চিংড়ি মাছ খাওয়ার পর হঠাৎ অস্থিরতা ও শ্বাসকষ্ট শুরু হয় তার।
পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তাকে দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান জানান, ইব্রাহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। তার সঙ্গে থাকা ব্যক্তিরা চিকিৎসকদের জানান, আগে থেকেই অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। পরে বিকেল ৩টার দিকে স্পিডবোটে করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ইব্রাহিমকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৪টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
ইব্রাহিমের বন্ধু মো. শিয়াম জানান, তিন বন্ধু মিলে সেন্টমার্টিনে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু আনন্দভ্রমণ শেষে একজন বন্ধুর মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হবে, তা কখনো ভাবেননি তারা।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী। তিনি জানান, পর্যটক হিসেবে বেড়াতে এসে এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।



