জামালপুর পৌরসভার মুসলিমাবাদ এলাকায় সড়ক সংস্কারের সময় ফেটে যাওয়া গ্যাস পাইপলাইন থেকে প্রায় ২৫ দিন ধরে গ্যাস নির্গত হচ্ছে। এতে অগ্নিকাণ্ডের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সড়কের পাশের মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমাবাদ এলাকায় পরিচর্যা ক্লিনিক থেকে মুসলিমাবাদ জামে মসজিদ পর্যন্ত প্রায় ১০০ মিটার সড়ক সংস্কারের কাজ কয়েক মাস আগে শুরু হয়। গত মাসের শেষ দিকে সড়ক সমান করতে ভারী রোলার চালানোর সময় মাটির নিচে থাকা তিতাস গ্যাসের প্রধান সংযোগ পাইপলাইনের দুটি স্থানে ফাটল দেখা দেয়। এরপর থেকেই গ্যাস বের হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
তাদের অভিযোগ, প্রায় ২৫ দিন পার হলেও পাইপলাইন মেরামতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। অসাবধানতাবশত আগুনের সংস্পর্শে এলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা।
এলাকাবাসী জানান, বিদ্যালয়টি গ্যাস লিকেজের স্থান থেকে খুব কাছেই অবস্থিত। প্রতিদিন প্রায় ২০০ শিশু সেখানে পড়তে আসে। একই সড়ক দিয়ে শিক্ষার্থীরা যাতায়াত করে, বিকেলে অনেকে খেলাধুলাও করে। গ্যাসের গন্ধে শিশুদের শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকেরা।
স্থানীয় বাসিন্দা ফারহান আহমেদ বাদল বলেন, সড়কে রোলার চালানোর সময় চাপ লেগে গ্যাসের পাইপ ফেটে যায়। এরপর থেকে গ্যাস বের হলেও এত দিনেও মেরামত করা হয়নি। এতে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আরেক বাসিন্দা আঙ্গুর বলেন, সড়ক দিয়ে অনেকেই ধূমপান করে যাতায়াত করেন। ফলে আগুন লাগার আশঙ্কা রয়েছে। গ্যাস বের হওয়ার কারণে আশপাশের বাসাবাড়িতে গ্যাসের চাপও কমে গেছে বলে অভিযোগ করেন তিনি।
বিদ্যালয়ের শিক্ষার্থী নিরব হোসেন (১১) জানায়, সে এই রাস্তা দিয়ে স্কুলে যায় এবং বিকেলে সেখানে খেলাধুলা করে। গ্যাসের গন্ধে মাঝে মাঝে তার শরীরে চুলকানি হয় বলে জানায় সে। এ বিষয়ে জামালপুর পৌরসভার সচিব মো. হাফিজুর রহমান বলেন, তিনি এ বিষয়ে আগে কিছু জানতেন না; প্রতিবেদকের কাছ থেকেই বিষয়টি জেনেছেন।
অন্যদিকে, তিতাস গ্যাসের জামালপুরের ম্যানেজার দুর্জয় বলেন, পাইপ ফাটা স্থানে পানি থাকায় এত দিন মেরামত করা সম্ভব হয়নি। বুধবার থেকে কাজ শুরু হয়েছে এবং বৃহস্পতিবারের মধ্যে মেরামত শেষ হবে বলে আশা করছেন তিনি।




