পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। পর্যটন, কফি ও কাজুবাদাম চাষ এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
রাঙ্গামাটিতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম বন্ধ এবং প্রতিটি কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
মন্ত্রী বলেন, অতীতে মাটি কাটা ও বন পরিষ্কারের মতো প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও অনেক ক্ষেত্রে প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। বর্তমান সরকার এ ধরনের পরিস্থিতির পরিবর্তন চায়। উন্নয়নের জন্য বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার এবং প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।
কাপ্তাই লেকের পরিবেশ ও নাব্যতা রক্ষার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, লেকের পানি দূষণমুক্ত রাখা, ভাসমান বসতবাড়ির বর্জ্য ব্যবস্থাপনা এবং সুয়ারেজ সমস্যার সমাধান জরুরি। যথাযথ পরিকল্পনা ও অবকাঠামো গড়ে তুলতে পারলে কাপ্তাই লেক পাহাড়ের অর্থনীতি ও পর্যটনের অন্যতম প্রধান সম্পদ হয়ে উঠবে।
পর্যটন খাতের বিকাশে রাঙ্গামাটি, বান্দরবানের থানচি ও লামা এবং কক্সবাজার-টেকনাফকে যুক্ত করে সমন্বিত পর্যটন রুট তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। এ জন্য একটি পূর্ণাঙ্গ মহাপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন। তার মতে, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য, স্থানীয় সংস্কৃতি, খাবার ও ফলমূলকে পর্যটনের সঙ্গে যুক্ত করা গেলে দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়বে। এ খাতে হোটেল ও পরিবহনসেবার মান উন্নয়নের পাশাপাশি পর্যটকদের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করার কথাও বলেন তিনি।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে আবারও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য ছিল পাহাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়ন। কিন্তু সময়ের সঙ্গে সেটি মূল লক্ষ্য থেকে সরে গেছে। এখন উন্নয়ন বোর্ডকে মানুষের প্রয়োজন ও কল্যাণকে প্রাধান্য দিয়ে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
পাহাড়ের কৃষি অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ও লাভজনক ফসলের আবাদ বাড়ানোর আহ্বান জানান সাচিং প্রু। তিনি বলেন, কফি ও কাজুবাদাম চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে। একটি কফি গাছ ৮০ থেকে ৯০ বছর এবং কাজুবাদাম গাছ ৪০ থেকে ৫০ বছর পর্যন্ত ফলন দিতে পারে। দেশে কফির চাহিদা থাকায় পাহাড়ে এর বাণিজ্যিক উৎপাদন বাড়ানো গেলে স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, সরকারি চাকরির সুযোগ সীমিত হওয়ায় বিকল্প পেশায় দক্ষতা অর্জন জরুরি। এ লক্ষ্যে পাহাড়ের তরুণ-তরুণীদের জন্য তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে তারা নিজ এলাকায় বসেই আন্তর্জাতিক বাজারে কাজ করার সুযোগ পাবেন এবং বৈদেশিক মুদ্রা আয় করতে পারবেন।
দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মাদক নিয়ন্ত্রণের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। সীমান্তবর্তী এলাকায় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী। দুর্গম অঞ্চলে অ্যাম্বুলেন্সের সংকট দূর করতে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। একই সঙ্গে অবৈধ পপি চাষ ও মাদক নির্মূলে স্থানীয় হেডম্যান, কারবারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। এ কাজে তথ্যদাতাদের পুরস্কৃত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
মন্ত্রী আরও জানান, পাহাড় ও সমতলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। ক্ষুদ্র জাতিসত্তার মানুষের আয়করসংক্রান্ত যৌক্তিক বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে প্রতি দুই থেকে তিন মাস পরপর রাঙ্গামাটি সফরের আশ্বাস দেন তিনি।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।