কুষ্টিয়া শহরের জুগিয়া দরগাতলায় জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি ও ওয়ার্ড কার্যালয়ে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার শাহজাহান আলী কুষ্টিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী এবং শহর শাখার ইউনিট সদস্য। তাঁর বাড়ি ও ওয়ার্ড জামায়াতের কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। বাড়িতে থাকা সিসি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুগিয়ার একটি বালুরঘাট থেকে বালু পরিবহনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকায় বিরোধ চলছিল। অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচলের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ধুলাবালিতে আশপাশের বাড়িঘরের পরিবেশও নষ্ট হচ্ছিল। এ নিয়ে বালুরঘাট কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বিরোধ তৈরি হয়।
গত রবিবার জামায়াতের সংসদ সদস্য ওই এলাকা পরিদর্শন করেন। এ সময় সড়কের বেহাল দশা দেখে পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত ওই পথে বালুবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার কথা জানান তিনি। এরপর কয়েক দিন সড়কটিতে বালুবাহী যান চলাচল বন্ধ ছিল। স্থানীয়দের ভাষ্য, ঘটনার দিন বালুরঘাট কর্তৃপক্ষ সড়কের কিছু অংশে সংস্কারকাজ করে এবং বৃষ্টিতে জমে থাকা কাদা-মাটি সরিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বালুবাহী ট্রাক চলাচল বন্ধ ও সড়ক সংস্কারের দাবিতে শাহজাহান আলী সোচ্চার ছিলেন। এ নিয়ে সৃষ্ট বিরোধের জেরেই তাঁর বাড়ি ও কার্যালয়ে হামলা হয়েছে বলে তাঁদের ধারণা।
শাহজাহান আলী হামলার ঘটনায় শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক, সাধারণ সম্পাদক মজনু, সাংগঠনিক সম্পাদক পলাশ ও তুহিনসহ কয়েকজনকে দায়ী করেছেন। তাঁদের সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত কয়েকজনও হামলায় অংশ নিয়েছেন বলে অভিযোগ তাঁর।
শাহজাহান আলীর অভিযোগ, বালুরঘাট বন্ধ রাখার বিষয়ে জামায়াতের সংসদ সদস্যের বক্তব্যের পর থেকেই বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রাতে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ডাইনিং টেবিল, আসবাবপত্র ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। একই সময় ওয়ার্ড কার্যালয়েও হামলা চালানো হয়। হামলাকারীরা গুলি ছুড়েছেন বলেও দাবি করেন তিনি।
১৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আব্দুল আলিম বলেন, বালুরঘাট ও সড়ক নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্র হয়ে তাঁদের ওপর হামলা চালান বলে তিনি অভিযোগ করেন। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে। তাঁদের কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা আবদার আলী বলেন, বালুবাহী ট্রাকের কারণে এলাকার সড়ক দ্রুত নষ্ট হচ্ছে। এ সমস্যা সমাধানে ক্ষতিগ্রস্ত রাস্তাটি টেকসইভাবে নির্মাণ করতে হবে, অন্যথায় বালুরঘাট বন্ধ রাখতে হবে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু বলেন, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে রাত ৮টা পর্যন্ত তিনি রেনিক মোড়ে শহর বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। হামলার ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। কেন তাঁর নাম জড়ানো হচ্ছে, তা-ও বুঝতে পারছেন না। তিনি বলেন, বৃষ্টির কারণে গত কয়েক দিন ধরে তাঁর বালুরঘাট বন্ধ রয়েছে। ফলে এ নিয়ে বিরোধের কোনো কারণ নেই।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বালুরঘাটের আধিপত্য ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে শাহজাহান আলীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বলেন, তিনি ঢাকায় অবস্থান করায় ঘটনা সম্পর্কে বিস্তারিত জানেন না। তবে এমন ঘটনা ঘটে থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় দল নেবে না। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
এদিকে বালু পরিবহনের জন্য বিকল্প সড়ক নির্মাণ অথবা ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত ও টেকসইভাবে সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।




