ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ঘাটের সিঁড়ির নিচে আটকে মিনহাজ আহম্মেদ সীমান্ত (১১) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর কবিরহা উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটেছে। পরে রাত ৮টার দিকে পুকুর ঘাটের সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত সীমান্ত ওই ইউনিয়নের ২ নম্বর ওয়র্ডের নরোত্তমপুর গ্রামের কালামিয়ার পোল এলাকার মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে। সে স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে সীমান্ত ও তার বন্ধুরা পাশের একটি পুকুরে গোসল করতে নামেন । এ সময় তারা তিন বন্ধু মিলে পুকুরের ডুব দেয় এবং ঘাটের সিঁড়ির নিচের ফাঁকা জায়গার ভিতর দিয়ে একপাশ থেকে অন্য পাশে বের হচ্ছিল। একপর্যায়ে সীমান্ত সিঁড়ির নিচে আটকে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাকে ভেসে উঠতে না দেখে দুই বন্ধু স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সিঁড়ির নিচ থেকে সীমান্তের মরদেহ উদ্ধার করে।
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। রাত ৮টার দিকে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
 এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।