দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব ঘটনার প্রতিবাদে এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির মহানগর শাখা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর আলুপট্টি মোড় থেকে মিছিলটি বের করা হয়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মিছিলটি গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর জামায়াতের আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনা ঘটলেও সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
সমাবেশে বিএনপির রাজনৈতিক ভূমিকারও সমালোচনা করেন জামায়াত নেতারা। তাদের অভিযোগ, জনগণের অধিকার ও নিরাপত্তার বিষয়কে গুরুত্ব না দিয়ে দলটি ক্ষমতাকেন্দ্রিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক বিরোধের ঊর্ধ্বে উঠে জাতীয় স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, লুটপাট ও নৈরাজ্যের অভিযোগ জনমনে উদ্বেগ তৈরি করছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল ও আ স ম মামুন শাহীন, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মেহেদী হাসান।
এ সময় মহানগর জামায়াতের তারবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ, শিল্প ও বাণিজ্যবিষয়ক সেক্রেটারি সারোয়ার জাহান প্রিন্সসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।