নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার দাবিতে রাজশাহীতে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ প্রকল্পের আওতায় বিডো এ কর্মসূচির আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল, ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিন এবং দায়মুক্তির অবসান ঘটান।’
কর্মসূচির শুরুতে রাজশাহী বরেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কুমারপাড়া মোড় ও আলুপট্টি প্রদক্ষিণ করে কলেজে ফিরে আসে। পরে সেখানে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
এরপর কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিডোর নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মুস্তারি এবং বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা। সভা সঞ্চালনা করেন বিডোর কর্মকর্তা সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা, নির্যাতনের শিকার ব্যক্তিদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং অপরাধীদের দায়মুক্তির সুযোগ বন্ধ করা জরুরি।
আলোচনায় সহিংসতা প্রতিরোধে তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়—ন্যায়বিচার নিশ্চিত করা, ভুক্তভোগীদের সুরক্ষা দেওয়া এবং দায়মুক্তির অবসান ঘটানো।
অনুষ্ঠানে বিডোর কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের মানবাধিকারকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সম্মিলিত সচেতনতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা কমিয়ে আনা সম্ভব।