জয়পুরহাট সদর উপজেলার দাদরা জন্তিগ্রাম এলাকার দুধিয়াপাড়া থেকে রনজু সরকার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় এসআরবির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
রনজু ওই এলাকার মিন্টু সরকারের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫-এর জয়পুরহাট ক্যাম্প এ তথ্য জানায়।
ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি নুরুল হুদা জানান, রনজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধে ১৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলাও রয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তার রনজু সরকার ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।



