রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৪৫টি অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের অস্ত্র, বিস্ফোরকসদৃশ বস্তু ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ অভিযান চলে।
পুলিশের হিসাব অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত ৫৩ জন, সাজাপ্রাপ্ত ১৭ জন, তদন্তাধীন মামলার আসামি ৭২ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় চারজন রয়েছেন। এ ছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে রেঞ্জের বিভিন্ন থানায় মোট ৫০টি মামলা হয়েছে। এর মধ্যে অন্যান্য অপরাধে ৪৭টি, চুরির ঘটনায় দুটি এবং দস্যুতার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ সময়ে ছয়টি অপমৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে। তবে খুন, ডাকাতি, যৌতুকজনিত হত্যা, সাইবার সুরক্ষা আইন, নারী ও শিশু নির্যাতন এবং দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি।
অভিযানে উদ্ধার করা হয়েছে ১৯টি টিনের ভাঁজা কৌটা, নয়টি লাল ও পাঁচটি কালো রঙের টেপ, বোমা তৈরির কুটিপাথর, একটি হাসুয়া, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি।
এ ছাড়া জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১২ দশমিক ৫ গ্রাম হেরোইন, ১ হাজার ১৫২ পিস ইয়াবা, ৬৫ পিস টাপেন্টাডল, ১০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল কফ সিরাপ।
পুলিশি সেবা কার্যক্রমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৯৮ জন সেবাগ্রহীতা বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন। চলতি মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১২২ জনে।