জামালপুরের মাদারগঞ্জে ব্রিটিশ শাসনামলের প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহাসিক নীলকুঠিটি সংরক্ষণের অভাবে বিলুপ্তির মুখে। একসময়কার জমজমাট নীল উৎপাদনকেন্দ্রটির অধিকাংশ স্থাপনা নিশ্চিহ্ন হয়ে গেছে। কুঠির প্রায় চার একর জমি ও অন্যান্য সম্পত্তিও বেহাত হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। বর্তমানে কেবল চুন-সুরকির তৈরি ভগ্ন দালান এবং পোড়ামাটির দেয়ালের কিছু অংশ টিকে আছে।
স্থানীয় সামিউল ইসলামসহ কয়েকজন জানান, একসময় নীল তৈরির বড় বড় লোহার কড়াই, চুল্লি ও অন্যান্য স্থাপনার অস্তিত্ব ছিল। কিন্তু জমি দখলের উদ্দেশ্যে এলাকার কিছু লোক ঐতিহাসিক স্থাপনাগুলো ভেঙে ফেলে। কুঠির সম্পত্তিও দখল হয়ে যায়। এখন পুরোনো কিছু গাছ ও জঙ্গলের মধ্যে স্থাপনাটির অবশিষ্টাংশ কোনোমতে টিকে আছে।
ইতিহাস অনুসন্ধানে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের কাতলামারী গ্রামে ১৮৬১ সালে ইংরেজ বণিকরা নীলকুঠিটি প্রতিষ্ঠা করেন। যমুনা নদীর মোহনায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় কুঠিটির অবস্থান ছিল। নদীপথে জাহাজ চলাচলের সুবিধা থাকায় এখান থেকে উৎপাদিত নীল সহজেই ভারত ও আসামসহ বিভিন্ন অঞ্চলে পাঠানো যেত। এ কারণে কুঠিটি একসময় নীল ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল।
তবে এই ব্যবসার আড়ালে স্থানীয় কৃষকদের ওপর চলত শোষণ ও নির্যাতন। অভিযোগ রয়েছে, কৃষকদের নীলচাষে বাধ্য করা হতো এবং উৎপাদিত নীলের সামান্য অংশের মূল্য দেওয়া হতো তাদের। বাকি অর্থ চলে যেত নীলকরদের হাতে। প্রতিবাদ করলে কৃষকদের ওপর নেমে আসত শারীরিক নির্যাতন। অনেক কৃষক পৈতৃক ভিটেমাটি ছেড়ে রাতের আঁধারে আসামসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।
ইংরেজ কর্মচারী ও লেখক অ্যাশলি ইডেন নীলকরদের অত্যাচারের ভয়াবহতা তুলে ধরেছিলেন। তার বর্ণনায় খুন, অপহরণ, দাঙ্গা, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের মতো অপরাধের উল্লেখ রয়েছে। স্থানীয়ভাবে এই নীলকুঠিকে ঘিরেও নারী নির্যাতনের নানা কাহিনি প্রচলিত আছে। তবে এসব ঘটনার স্বতন্ত্র ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। পূর্ণিমার রাতে কুঠির ধ্বংসাবশেষ থেকে কান্নার শব্দ শোনা যায়—এমন লোককথাও এলাকায় প্রচলিত।
জামালপুর মুক্তি সংগ্রাম জাদুঘরের পরিচালক হিল্লোল সরকার বলেন, জেলার প্রাচীন স্থাপনাগুলোর যথাযথ তালিকা ও তদারকি না থাকায় অনেক ঐতিহাসিক নিদর্শন নষ্ট হয়ে যাচ্ছে। এসব স্থাপনা রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ছায়েদা খানম লিজা কুঠি এলাকায় গিয়ে বেহাত হওয়া কাতলামারী মৌজার ২১ শতাংশ জমি উদ্ধার করেন। পরে সেখানে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়।
তবে নীলকুঠিটি এখনো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থাপনার তালিকায় নেই। এ বিষয়ে বক্তব্য জানতে ময়মনসিংহে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।




