নেত্রকোনা জেলার তারাকান্দায় অভিযান চালিয়ে ২০ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ৪৯২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আল-আমিন (৩৩) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়।
বুধবার (৪ নভেম্বর) ময়মনসিংহের তারাকান্দা থানাধীন পশ্চিম তালদিঘী গ্রামসংলগ্ন পাকা রাস্তায় এই অভিযান পরিচালিত হয়।  বিকেল পৌনে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক।
 গ্রেপ্তারকৃত আল-আমিন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাওঁকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারাকান্দা গ্রামের মো. মনির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে তারাকান্দা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।