বগুড়ার শেরপুরে রাতের আঁধারে দুই কৃষকের কলাবাগানের প্রায় ১ হাজার ৪০০ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে তিন বিঘা জমিতে গড়ে তোলা বাগানের অধিকাংশই নষ্ট হয়ে গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদ ও মেহেদী হাসান সত্তার শেরপুর থানায় লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগীদের দাবি, জমি বর্গা নিয়ে কিস্তিতে ঋণের টাকা সংগ্রহ করে তারা কলার চাষ শুরু করেছিলেন। দীর্ঘদিনের পরিচর্যা ও বিনিয়োগের পর গাছগুলো ফলন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু দুর্বৃত্তরা রাতের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে গাছ কেটে ফেলায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
কৃষকদের ধারণা, ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে বাগানটি ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো শনাক্ত হয়নি। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।