রংপুর নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দখলদারদের বাধা ও হামলার মুখে পড়েছেন একাধিক সাংবাদিক। এ সময় তাদের লাঞ্ছিত, গালিগালাজ, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে নগরীর খামার মোড় থেকে লালবাগ রেলক্রসিং পর্যন্ত সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় রংপুর সিটি করপোরেশন। এ সময় উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করেন দখলদাররা।
অভিযানের খবর সংগ্রহ করতে গেলে কয়েকজন গণমাধ্যমকর্মীকে লাঠি, বঁটি ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া দেওয়ার অভিযোগ ওঠে। এ সময় তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া, গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সাংবাদিকদের ওপর এমন আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকরা।
এদিকে সিটি করপোরেশন কর্মকর্তারা জানিয়েছেন, বাধা এলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, নগরবাসীর নির্বিঘ্নে ফুটপাত ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে গত এক মাস ধরে জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। এখনো যেসব ফুটপাত অবৈধ দখলে রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।